কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাত ১টা ৫ মিনিটের দিকে কাজিরহাট থানার এসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ বানঘাটা বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানতে পারেন, উদয়পুর সাকিনের ৯ নম্বর ওয়ার্ডের চৌমুহনী-হাজিরহাট সড়কে মাদক বেচাকেনা চলছে।

খবর পেয়ে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে রিফাতের শরীর তল্লাশি করে তার প্যান্টের বাম পকেটে থাকা একটি ছোট সাদা প্লাস্টিকের কৌটা থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ডিজিটাল ওজন যন্ত্রে ইয়াবাগুলোর মোট ওজন ৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ইয়াবা জব্দ করে রিফাতকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

মামলার পর গ্রেপ্তার রিফাতকে আজ সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।”