বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করে পরে তা ধ্বংস করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন এবং নৌ-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানকালে দেখা যায়, সরকার ঘোষিত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে রাতের আঁধারে বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করছিল।
আটককৃত ১৩ জন জেলের নাম হলো—
হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের ফারুক ভূঁইয়া (৫০), বাউশিয়া গ্রামের জিয়া উদ্দীন (২৩),
মেহেন্দীগঞ্জ উপজেলার আদর্শ নগর গ্রামের আল আমিন বিশ্বাস (৩০), রতন ব্যাপারী (৩৩), জুলহাস ব্যাপারী (২৮), পশ্চিম লালখারাবাদ গ্রামের আলামিন হাওলাদার (৩৫), বাখরজা গ্রামের ইরশাদ হোসেন (৪৫), মিরলিরচর গ্রামের চুন্নু হাওলাদার (৪০), মাইদুল ব্যাপারী (৩৫), মেহেন্দীগঞ্জ গ্রামের সেলিম খান (৪৫), সাহিন হোসেন (৪৫), মো. সাব্বির (২৭) এবং মো. আব্দুল্লাহ (২৬)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, “অভিযানে আটক জেলেদের জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”
