মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে অটোরিকশা চালকদের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, পাতারহাট থেকে উলানিয়া রুটে প্রশাসন নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে পাতারহাট থেকে দাদপুর খেয়াঘাট রুটে নির্ধারিত ভাড়া ৫০ টাকা থাকলেও নেওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
শুধু এসব রুটই নয়, উপজেলার বিভিন্ন সড়কেও নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির উপক্রম হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য, গত ২১ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানের নেতৃত্বে মেহেন্দিগঞ্জের অটোরিকশা চালকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চালকদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন রুটের ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে অধিকাংশ চালক নির্ধারিত ভাড়ার দ্বিগুণ আদায় করছেন।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাত্রী ও এলাকাবাসী।
