মেহেন্দিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের এনসিপিতে যোগদান

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি হেমায়েত হোসেন আবুল ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ছানাউল হকসহ গণ অধিকার পরিষদের একাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

হেমায়েত হোসেন আবুল ও মুহাম্মদ ছানাউল হক দাবি করেন, গণ অধিকার পরিষদ তাদের নীতি-আদর্শ এবং জনগণের অধিকার আদায়ের রাজনীতি থেকে দূরে সরে যাওয়ায় তারা ছাত্র অধিকার পরিষদ ত্যাগ করে এনসিপিতে যোগদান করেছেন।

তাদের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আরও একাধিক নেতাকর্মী এনসিপির নতুন কমিটিতে যোগদান করেন বলেও তারা জানান।

হেমায়েত হোসেন আবুল মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের দাতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোসলেউদ্দিন সরদার। তিনি পাতারহাট আরসি কলেজের স্নাতক সম্মান (২০২০-২১) ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০২০ সাল থেকে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিকবার মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটিতে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ছাত্র অধিকার পরিষদ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

হেমায়েত হোসেন আবুল বলেন, তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে গণ অধিকার পরিষদের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন।

অন্যদিকে, মুহাম্মদ ছানাউল হক মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল হক। তিনি সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থী।

ছানাউল হকও ২০২০ সাল থেকে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধিকবার মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং ছাত্র অধিকার পরিষদ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ছানাউল হক জানান, তিনিও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে গণ অধিকার পরিষদের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারা জনগণের অধিকার ও রাজনৈতিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।