দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জে দৃশ্যমান পরিবর্তন হবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে
সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রি: রাজীব আহসান।

নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জের দৃশ্যমান পরিবর্তন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং কথার চেয়ে কাজের মাধ্যমেই তার প্রমাণ মিলবে।

সম্প্রতি মেহেন্দিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাদেকপুর ও রুকন্দী এলাকার প্রায় সাড়ে ৭০০ কোটি টাকার মেগা প্রকল্পটি তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। প্রকল্পের সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখায়েতের উদ্যোগে প্রকল্পটি অনুমোদন লাভ করে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে মেহেন্দিগঞ্জের সাদেকপুর, রুকন্দী এবং চাঁদপুরের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের অবদান রয়েছে, যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, রাস্তাঘাট ও সড়ক অবকাঠামোর উন্নয়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি নতুন পরিকল্পনা অনুযায়ী আরও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে হিজলা-মেহেন্দিগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তবে তাদের সার্বিক কল্যাণে তিনি পাশে থাকবেন। এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।