বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান মিজানুর রহমান সুমন নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রাজনীতির শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির মাধ্যমে নেতৃত্বের গুণাবলী প্রকাশ করেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন।
মিজানুর রহমান সুমনের এ অর্জনে মেহেন্দিগঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
