মেহেন্দিগঞ্জ মৎস্য অফিসে জনবল সংকট,অভিযান পরিচালনা নিয়ে শঙ্কা

লেখক:
প্রকাশ: ২ মাস আগে
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিস

★ ৫ পদের বিপরীতে আছে মাত্র ১ জন
দেশের ষষ্ঠ মৎস্য অভয়াশ্রমের অন্তর্ভুক্ত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা।মৎস্যসম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি ও অবৈধ মাছ শিকার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপজেলা মৎস্য অফিস। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল না থাকায় দাপ্তরিক কার্যক্রম ও মাঠপর্যায়ের তদারকি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বিশাল জলসীমায় নিয়মিত অভিযান পরিচালনা এবং মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার বদলির পর নতুন করে কোন কর্মকর্তাকে পদায়ন না করায় মৎস্য কর্মকর্তার পদটি এখনো শুন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মুলাদী উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাশার। দুটি উপজেলার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিয়মিত আসতে পারেননা। সপ্তাহে দুই একদিন অফিস করেন মেহেন্দিগঞ্জ উপজেলায়। ফলে দাপ্তরিক কাজের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা কিংবা তদারকি করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা।

এছাড়াও উপজেলা মৎস্য অফিসে প্রধান কর্মকর্তা সহ পাঁচ জন থাকার কথা থাকলেও আছে মাত্র এক জন। তিনি উপ সহকারী মৎস্য অফিসার মনিরুল ইসলাম। বর্তমানে তিনি একাই চালিয়ে যাচ্ছেন বেশিরভাগ কার্যক্রম। বাকি শুন্য পদগুলো হলো সহকারী মৎস্য কর্মকর্তা,অফিস সহকারী এবং অফিস সহায়ক।

জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২৯,৯৬২ জন৷ যাদের বেশিরভাগ প্রতিনিয়ত বিভিন্ন সেবা ও পরামর্শ নিতে অফিসে আসেন। কিন্তু মৎস্য কর্মকর্তা না থাকায় সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন জেলেরা। দূর দুরান্ত থেকে এসে অনেক সময় কর্মকর্তা উপস্থিত না থাকলে সেবা ছাড়াই ফেরত যেতে হয়।

এছাড়াও প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে অন্যান্য দাপ্তরিক সেবা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অভিযান চলাকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তৈরির কাজ, জেলেদের প্রকৃত তালিকা হালনাগাদ,জেলেদের ভিজিএফ চাল বিতরণ নিশ্চিত করা,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করা,মৎস্য চাষীদের মাছ চাষের পরামর্শ প্রদান।

৪ অক্টোবর উপজেলার প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করার কথা থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল সঠিকভাবে বিতরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা৷ কেননা অভিযান চলাকালীন জেলেদের তালিকা হালনাগাদ করবে নাকি নদীতে অভিযান পরিচালনা করবে।

আগামী ৮ অক্টোবর থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধভাবে মাছ আহরণ, ক্রয়-বিক্রয় প্রতিরোধে শুরু হবে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ অভিযান।

দেশের অন্যতম মৎস্য অভয়াশ্রম এলাকা মেহেন্দিগঞ্জ। ছোট-বড় অসংখ্য নদী দিয়ে ঘেরা এ উপজেলাকে ইলিশের প্রজনন এলাকা হিসেবে ধরা হয়। তাই ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এ অভয়াশ্রম এলাকায় কঠোর অভিযান পরিচালনার দরকার হলেও জনবল সংকটে অভিযানের সফলতা নিয়ে ইতোমধ্যে শঙ্কা তৈরি হয়েছে। অভিযান শুরুর আর মাত্র ৩ দিন বাকী থাকলেও এখনো শুন্য উপজেলা মৎস্য কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদ। নেই চোখে পড়ার মতো প্রস্তুতি।

তাই অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে ইলিশের প্রজনন নিশ্চিত করতে শুন্য পদে দ্রুত ভিত্তিতে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন সচেতন মহল। অন্যথায় তদারকির অভাবে সুযোগ সন্ধানী অসাধু জেলেদের শিকারে ধ্বংস হবে ইলিশ সম্পদ।

মেহেন্দিগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারী খোকন বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৎস্য অভয়াশ্রম মেহেন্দিগঞ্জ। এক শ্রেণির অসাধু জেলে ২২ দিনের অভিযানের অপেক্ষায় থাকে। সুযোগ পেলেই তারা ইলিশ নিধনে নেমে পড়ে। তাই ইলিশের প্রজনন নিশ্চিত করতে বিশাল এ জলসীমায় অভিযান জোরদার করতে হলে অবশ্যই বাড়তি জনবল প্রয়োজন।

এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান জানান, বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুল ইসলামকে মেহেন্দিগঞ্জ নিয়োগের জন্য আদেশ হয়েছে। তিনি অভিযান শুরুর আগেই যোগদান করবেন। বাকী শুন্য পদগুলোতে যেসব এলাকায় নদী নেই সেসব এলাকা থেকে মেহেন্দিগঞ্জ নিয়ে আসার ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে।সবকিছু অভিযান শুরুর আগেই হবে বলে আশ্বস্ত করেন তিনি।