হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ভাঙনকবলিত
এলাকা পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।
১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
দুপুর ১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আন্দারমানিক গ্রামের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এরপর বেলা ২টার দিকে হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
বেলা আড়াইটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশা, উত্তর আশা, পূর্ব সুলতানি ও পশ্চিম সুলতানি এলাকার নদীভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী।
এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের মিঠুয়া গ্রামের নদীভাঙনকবলিত এলাকাও সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসব এলাকায় নদীভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নৌ প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন), ঢাকা আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবালসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
