ছবি: অভিযুক্ত ইউসুফ খান।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়নে এক রাতেই চারটি দোকানে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মোঃ ইউসুফ হোসেন খান (২৪) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দবাজারের ফোরকান সিকদারের দোকান, শান্তিনগর এলাকার কালাম গাজীর দোকান, বাহেরচরের কাশেম খলিফার দোকানসহ চারটি দোকানে চুরির ঘটনা ঘটে।
এর মধ্যে কাশেম ফরাজির দোকান থেকে ৬ কেস স্প্রিট কোমল পানীয় ও সিগারেট চুরি হয়েছে বলে জানা গেছে। অন্যান্য দোকান থেকেও বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ রয়েছে।
চুরির ঘটনার পর কয়েকটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়রা একজনকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে দোকানের কাছেই একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আটক ইউসুফ হোসেন খান শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর ফেনুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মন্নান খান।
স্থানীয়দের অভিযোগ, ইউসুফ মাদকাসক্ত এবং এর আগেও তার বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল।
