মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খরকী গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে লোহার রড দিয়ে মাথায় আঘাত এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বড় ভাইয়ের কাছে থাকা কোম্পানির কালেকশনের টাকাসহ মোট ৯২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবা মারা যাওয়ার পর ছোট ভাই শাকিল আহমেদ রনির লেখাপড়া, ভরণপোষণসহ বিভিন্ন খরচ বহন করেন বড় ভাই মোস্তাফিজুর রহমান রিঙ্কু। নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে ছোট ভাইকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তিনি।
বর্তমানে মোস্তাফিজুর রহমান রিঙ্কু একটি কোম্পানিতে চাকরি করেন। আগের দিন রাতে দেরি হয়ে যাওয়ায় কোম্পানির কালেকশনের টাকা তিনি বাড়িতে নিয়ে আসেন। তাঁর কাছে কোম্পানির ৫২ হাজার টাকা এবং নিজের উপার্জিত আরও ৪০ হাজার টাকা ছিল।
অভিযোগ রয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে বড় ভাইয়ের সন্তানের কান্নার কারণে ছোট ভাইয়ের ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই শাকিল আহমেদ রনি ও তাঁর স্ত্রী জান্নাত বেগম বড় ভাই মোস্তাফিজুর রহমান রিঙ্কু এবং তাঁর স্ত্রী সুমি বেগমকে মারধর করেন। এ সময় রিঙ্কুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ছাড়া ঘটনার পর রিঙ্কুর কাছে থাকা মোট ৯২ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৫২ হাজার টাকা ছিল কোম্পানির কালেকশনের এবং বাকি ৪০ হাজার টাকা ছিল তাঁর নিজের উপার্জিত অর্থ।
পরে আহত মোস্তাফিজুর রহমান রিঙ্কু ও তাঁর স্ত্রী সুমি বেগমকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সুমি বেগম বাদী হয়ে ছোট ভাই শাকিল আহমেদ রনি ও তাঁর স্ত্রী জান্নাত বেগমের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শাকিল আহমেদ রনির বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এক ভাইয়ের ত্যাগ, অন্য ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ—পেছনে কী কারণ?
বাবার মৃত্যুর পর নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে যে বড় ভাই ছোট ভাইয়ের লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব পালন করেছেন, আজ সেই বড় ভাইয়ের বিরুদ্ধেই ছোট ভাইয়ের এমন আচরণের অভিযোগ এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সামান্য পারিবারিক বিষয় থেকে কীভাবে এমন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো? এর পেছনে কি দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এমনকি এ ঘটনার পেছনে তৃতীয় কোনো পক্ষের প্রভাব রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
