৪ লাখ টাকার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা ৫০ হাজার টাকা
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক তেল ব্যবসায়ী ভোলায় গিয়ে কোস্ট গার্ডের অভিযানে আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা মামুন মিয়াজী (আনুমানিক বয়স ৫৫), যিনি স্থানীয়ভাবে তেল ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে ভোলা সদর থানাধীন চটকিমারা চর সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি স্টিল বডির নৌকা থেকে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনকালে তাকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে স্থানীয় একটি ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয়। একইসঙ্গে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়।
তেল বিক্রি ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
