মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শ্বশুরকে পিটিয়ে যখম করেছে পুত্রবধূ।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে ফজলে করিম ঘরামি (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত ফজলে করিম ঘরামির মেয়ে শামসুন্নাহার জানান, তার ভাই নাহিদ ঘরামির নামে বাড়ির জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা ফজলে করিম ঘরামিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় জমি লিখে দেওয়া নিয়ে বাবা ও ছেলে নাহিদ ঘরামির মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে নাহিদ ঘরামির স্ত্রী শাহিনুর ও নাতি হেলাল উদ্দিন ঘরামিসহ কয়েকজন বৃদ্ধ ফজলে করিম ঘরামিকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন শামসুন্নাহার।

এ সময় বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ছেলে নাহিদ ঘরামি, তার স্ত্রী শাহিনুর ও নাতি হেলাল উদ্দিন ঘরামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফজলে করিম ঘরামির মেয়ে জামাই রফিকুল ইসলাম।