মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চুনারচর গ্রামে একটি চা ও মুদি-মনিহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে কেরাতুল কোরআন মসজিদের পাশে মো: হাবিবুর রহমানের দোকানে এ চুরি হয়।
দোকান মালিক হাবিবুর রহমান জানান, তিনি প্রায় ১০ বছর ধরে একই স্থানে দোকানটি পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে দোকানে এসে সাটারের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখতে পান, দোকান থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে।
চোরেরা দোকান থেকে ২৮ হাজার টাকা মূল্যের একটি এলইডি টিভি, নগদ ১০ হাজার ৭০০ টাকা এবং ১ হাজার ২০ টাকা মূল্যের একটি চায়ের কেটলি নিয়ে যায়। এতে মোট ৩৯ হাজার ৭২০ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে। চুরির সময় এলাকায় বিদ্যুৎ ছিল না।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমানের দোকানের পাশে আরও দুটি দোকান রয়েছে। তবে সেসব দোকানে কোনো চুরির ঘটনা ঘটেনি। শুধু হাবিবুর রহমানের দোকানেই চুরি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় হাবিবুর রহমান মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হাবিবুর রহমান বলেন, “এটা আমার ছোট ব্যবসা। এই ব্যবসার আয় দিয়েই আমার পরিবারের ভরণপোষণ চলে। আমার দুটি সন্তান রয়েছে।
আপনাদের কাছে হয়তো এই টাকার পরিমাণ সামান্য মনে হতে পারে, কিন্তু আমার জন্য এই ক্ষতি অনেক বড় বিষয়। এত বড় ক্ষতি হওয়ায় আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি। যারা আমার এই ছোট ব্যবসাটিকে ক্ষতিগ্রস্ত করেছে, আমি তাদের বিচার চাই।”
