ছবি: সংগ্রহীত
দিনের বেলায় শান্ত-স্নিগ্ধ মেহেন্দিগঞ্জের মেঘনা ও তেঁতুলিয়া নদী। কিন্তু সন্ধ্যা নামলেই যেন বদলে যায় নদীর চিত্র। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে নেমে আসে আতঙ্ক। ডাকাত ও জলদস্যুদের ভয়ে অনেক জেলে এখন রাতের বেলায় নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। ফলে একসময় রাতভর নদীতে মাছ ধরলেও বর্তমানে নিরাপত্তার কারণে অনেক জেলেই রাতের মাছ শিকার থেকে বিরত থাকছেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ২০২৫ সালে নদীতে ডাকাতির ধরন ছিল কিছুটা ভিন্ন। তখন ডাকাতরা জেলেদের নৌযান থেকে মাছ, জাল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যেত। তবে চলতি বছর ডাকাতির ধরনে এসেছে পরিবর্তন। এখন মাছ ও জাল লুটের পাশাপাশি জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাই বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জেলেদের দাবি, মাছ ও জাল নিয়ে গেলে একবারে তুলনামূলক কম অর্থ পাওয়া যায়। কিন্তু একজন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলে কয়েক লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। এ কারণে অপহরণকে কেন্দ্র করে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
তবে শুধু মাছ ধরতে যাওয়া জেলেরাই নন, রাতের বেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী পারাপার করা সাধারণ মানুষও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিকিৎসা, বিবাহ, পারিবারিক প্রয়োজন কিংবা অন্য কোনো জরুরি কাজে রাতে এক পাড় থেকে অন্য পাড়ে নৌযানে যাতায়াত করতে হলেও ডাকাতের আতঙ্কে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয়দের অভিযোগ, রাতে নদীতে চলাচলকারী নৌযান দেখলেই ডাকাতরা সন্দেহের চোখে তাকায়। ফলে মাছ ধরার নৌকার পাশাপাশি ব্যক্তিগত নৌযানে চলাচলকারী সাধারণ মানুষও হামলা বা জিম্মি হওয়ার আশঙ্কায় থাকছেন। জরুরি প্রয়োজনে নদী পার হতে হলেও অনেকেই এখন রাতের যাত্রা এড়িয়ে চলছেন।
গত ১৬ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে দুই জেলে অপহরণের ঘটনা এ আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে।
অপহরণের শিকার হন উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা এলাকার মামুন মুন্সি (৫০) এবং মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের আব্দুল মতিন চৌকিদার (৪৫)। দুদিন জিম্মি থাকার পর মুক্তিপণের বিনিময়ে তারা ছাড়া পান। পরে বাড়িতে ফিরে চিকিৎসাধীন ছিলেন তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী শুক্কুর হাওলাদার জানান, ১৬ সেপ্টেম্বর রাতে তিনি ও আব্দুল মতিন চৌকিদার তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার সময় না হওয়ায় তারা নৌকা নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৬ থেকে ৭ জনের একটি দল তাদের নৌকায় এসে আব্দুল মতিন চৌকিদারকে ধরে নিয়ে যায়। শুক্কুর হাওলাদারকে ছেড়ে দেয় তারা।
একই রাতে আলীমাবাদ ইউনিয়নের মামুন মুন্সিকেও অপহরণ করা হয় বলে জানান শুক্কুর হাওলাদার। পরে দুজনকে পৃথকভাবে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে প্রত্যেকের জন্য ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে ২ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে আব্দুল মতিন চৌকদারকে এবং দেড় লাখ টাকার বিনিময়ে মামুন মুন্সিকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী আব্দুল মতিন চৌকদার জানান, অপহরণের পর তার হাত ও চোখ বেঁধে নির্যাতন করা হয়। অপহরণকারীদের কাছে পিস্তল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলেও জানান তিনি।
এদিকে, একের পর এক ডাকাতি ও অপহরণের ঘটনায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সন্ধ্যার পর নদীতে ডাকাতের উৎপাতের আশঙ্কায় অনেক জেলে এখন আর রাতের বেলায় নদীতে যেতে চান না। একই সঙ্গে জরুরি প্রয়োজনে রাতের নদীপথে চলাচলকারী সাধারণ মানুষও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
স্থানীয়দের দাবি, নদীতে নিয়মিত নৌপুলিশের টহল জোরদার করা এবং রাতের নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জীবিকার তাগিদে জেলেদের নদীতে নামতে হলেও ডাকাতের আতঙ্কে এখন তাদের দিন কাটছে উৎকণ্ঠায়। দিনের বেলায় যে নদী শান্ত, রাত নামলেই সেই মেঘনা-তেঁতুলিয়া যেন জেলেদের পাশাপাশি সাধারণ নদীপথের যাত্রীদের কাছেও হয়ে উঠছে আতঙ্কের নাম।
