ঈদের আগে মেহেন্দিগঞ্জে তিনটি গরু চুরি কৃষকের দুই লাখ টাকার ক্ষতি।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে
ছবিঃ সংগ্রহীত।

বরিশালের মেহেন্দিগঞ্জ  উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড চর মিঠুয়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোর রাতের দিকে কৃষক ইয়াসিন সরদারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কৃষক ইয়াসিন সরদার জানান, চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাই গরু ও একটি ছোট বাছুর ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। তিনি গরুগুলোর দুধ ও আয়ের ওপর নির্ভর করেই সংসার চালাতেন। হঠাৎ গরু চুরির ঘটনায় এখন তিনি চরম বিপাকে পড়েছেন।

জানা গেছে, ইয়াসিন সরদার প্রায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি বাড়িতে একাই থাকতেন। স্থানীয়দের ধারণা, এই সুযোগকে কাজে লাগিয়েই চোরচক্র গরুগুলো চুরি করে নিয়ে গেছে। এর আগে তার আরও কয়েকটি গরু ছিল, তবে স্ত্রী মারা যাওয়ার প্রায় এক বছর আগে সেগুলো বিক্রি করে দিয়েছিলেন তিনি।

শখের বসে ও সংসারের সহায়তা হিসেবে এই গরুগুলো পালন করতেন ইয়াসিন সরদার। কিন্তু বৃদ্ধ বয়সে শেষ সম্বল হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

স্থানীয়রা বলছেন মানুষের চিন্তার কতটা অবক্ষয় হলে এত বছর বয়সী এক বৃদ্ধ লোকের গরু মানুষ চুরি করতে পারে।