বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুই জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে মেঘনা নদীতে হিজলা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন হকের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিলে পুলিশ তাদের বাধা দেয় এবং নদী থেকে সরে যেতে বলে। এ সময় জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে আরও নৌকা ও লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কোস্ট গার্ডের সহায়তা নেয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সংঘর্ষ থামানোর জন্য তারা অনেক চেষ্টা করেছেন। এতে ব্যর্থ হওয়ার পর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, সংঘর্ষে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনের কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই জেলেকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
