ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মেহেন্দিগঞ্জের স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার সুমাকে (৫০) গলা কেটে হত্যার ঘটনায় হত্যাকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাথায় ছাতা দিয়ে পরিচয় আড়াল করে বোরখা পরিহিত এক ব্যক্তি তাঁর বাসায় প্রবেশ করেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে, শনিবার (২৪ অক্টোবর) নিহতের ছোট বোনের জামাই রুবেল পাটোয়ারী হত্যাকাণ্ডের পেছনে বিরোধের চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, ডালিয়া যে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, সেখানে গভর্নিং বডির সদস্য হওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। ওই ব্যক্তি প্রায় দুই মাস আগে কুয়েত চলে গেলেও ভাড়াটে খুনি দিয়ে ডালিয়াকে হত্যা করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
নিহত ডালিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের ৪ নম্বর পানবাড়িয়া গ্রামের আবদুল মজিদ সিকদারের চতুর্থ কন্যা। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকায় সোনালী ব্যাংকের ওপরের তৃতীয় তলায় নিজ ফ্ল্যাট থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের দুই মেয়ে নদী ও লিজা। মেয়ে লিজার দাবি, তাঁর মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ কেরানীগঞ্জে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর মেয়েরা।
পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন স্বজনরা।
