কাজিরহাটে নদীতে লাকড়িভর্তি ট্রলারে ডাকাতি, ব্যবসায়ীর ৫০ হাজার টাকা লুট

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় প্রাণে বাঁচলেন ট্রলার মালিক; ঘটনাস্থলে পুলিশ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার নতুন খাসেরহাট বাজার সংলগ্ন নদীতে লাকড়িভর্তি একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারের মালিককে মারধর করে হত্যার হুমকি দিয়ে নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ট্রলার মালিক মামুন মিয়া জানান, তিনি হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ট্রলারে লাকড়ির ব্যবসা করে আসছেন। গত শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৩টার দিকে নদীর পূর্ব পাড় থেকে মুখোশধারী ৩–৪ জন দুর্বৃত্ত একটি ট্রলারে করে এসে দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

মামুন মিয়া অভিযোগ করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। পরিকল্পিতভাবে আমার ট্রলারে এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। আমি কোনোমতে জীবন ভিক্ষা চেয়ে বেঁচে ফিরেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমার ওপর আবারও হামলা চালাতে পারে।”
এ বিষয়ে কাজিরহাট থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপঙ্কর জানান, ঘটনার খবর পেয়ে এসআই আলমগীরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।