সৌদি আরবে ৩ মাস ধরে নিখোঁজ মেহেন্দিগঞ্জের কামাল,

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
নিখোঁজ কামাল ও তার ছেলে।

বরিশালের মেহেন্দিগঞ্জে সৌদি আরব প্রবাসী কামাল হোসেন প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। সৌদি আরবে কফিলের নির্যাতনের পর তিনি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। নিখোঁজ স্বজনকে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারটি।

নিখোঁজ কামাল হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পানবারিয়া, উত্তর উলানিয়া গ্রামের আব্দুস সোবাহান রাড়ি ও শাবেরা খাতুনের ছেলে। তার সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে দীর্ঘদিন ধরে না পেয়ে স্বজনরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, কামাল হোসেন এর আগেও প্রায় ১০ বছর বিদেশে অবস্থান করে কাজ করেছেন। দেশে ফিরে ২০২৪ সালে তিনি আবার কাজের ভিসায় সৌদি আরবে যান। সেখানে প্রথমে প্রায় এক বছর একটি মাজরায় (খামারে) কাজ করেন।

পরে তিনি কফিল আব্দুল্লাহর অধীনে কাজ শুরু করেন। সেখানে অন্য এক বাংলাদেশি শ্রমিকের পরিবর্তে প্রায় ছয় মাস কাজ করার পর ওই শ্রমিক ফিরে এলে কফিল আব্দুল্লাহ তাকে তার পরিচিত সাদিক নামে আরেক কফিলের কাছে মরুভূমি এলাকায় পাঠিয়ে দেন বলে পরিবারের অভিযোগ।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর দেওয়া লিখিত আবেদনে কামালের ছেলে মো. ইসমাইল হোসেন অভিযোগ করেন, সাদিকের কাছে যাওয়ার পর প্রথম দিকে তার বাবার সঙ্গে ভালো আচরণ করা হলেও পরে তাকে মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে চেয়ারের সঙ্গে বেঁধে মারধর এবং ছুরি দিয়ে ভয় দেখানোর অভিযোগও করা হয়েছে। এমনকি মাথায় আঘাত করে তাকে রাস্তায় ফেলে রাখার পর কয়েকজন লোক গাড়িতে করে তুলে নিয়ে যায় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসমাইল হোসেনের অভিযোগ, তার বাবাকে প্রতিদিন ভোর ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করানো হতো এবং ঠিকমতো খাবারও দেওয়া হতো না। তার সঙ্গে কাজ করা কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার পর তাকে আরও কঠোরভাবে নজরবন্দি করে রাখা হয়েছিল বলে পরিবারের দাবি।

২৮ মে শেষ যোগাযোগ

পরিবারের দাবি, ২৮ মে ২০২৬ সর্বশেষ কামাল হোসেনের সঙ্গে তাদের যোগাযোগ হয়। ওই সময় তিনি জানান, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় এক ঘণ্টা দূরের এরিয়া নম্বর-০৪-এর একটি মরুভূমি এলাকায় অবস্থান করছেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত প্রায় তিন মাস ধরে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি।

কামালের নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্ত্রী-সন্তান ও স্বজনরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। পরিবারের দাবি, দীর্ঘদিন বিদেশে থেকে পরিবারের জন্য উপার্জন করা কামালকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

এ ঘটনায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে দেওয়া আবেদনের সঙ্গে কামাল হোসেনের পাসপোর্ট, ভিসা ও আকামার প্রয়োজনীয় কাগজপত্রের কপিও সংযুক্ত করা হয়েছে।

নিখোঁজ কামাল হোসেনের বিষয়ে কোনো ব্যক্তি তথ্য পেয়ে থাকলে তার পরিবার অথবা মেহেন্দিগঞ্জ প্রতিদিন-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নোট: পরিবারের অভিযোগের বিষয়গুলো সংশ্লিষ্ট আবেদনের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।