মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াখালী মাঠখোলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে প্রকাশ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের এমন আচরণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ হাসান ইমাম।
নাঘটনার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ হাসান ইমাম জানান, রূপালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য সুপারিশসহ স্বাক্ষর নিতে তাঁর কাছে যান সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া। তবে তিনি স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়ার দাবি, দুই শিক্ষার্থী তানভীর হোসেন ও সাইমন হোসেনের ফরম পূরণসংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে কিল-ঘুষি মারেন এবং তাঁর হাতের আঙুল কামড়ে ধরেন। এতে তাঁর ডান হাতের আঙুলে আঘাত লাগে বলে তিনি জানান।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও অসন্তোষের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে সংকটের মুখে পড়ছে শিক্ষার্থীরা।
তাঁরা প্রশ্ন তুলেছেন, যাঁদের কাছ থেকে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নৈতিকতা ও আদর্শের শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষকরাই যদি প্রকাশ্যে মারামারিতে জড়িয়ে পড়েন, তাহলে তাঁদের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখবে? এ ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
এ বিষয়ে বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ হাসান ইমাম ও সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়ার মধ্যে এর আগেও একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে। পূর্বের কিছু বিষয় সম্পর্কে তিনি অবগত থাকলেও সাম্প্রতিক মারামারির ঘটনা তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সব মিলিয়ে নয়াখালী মাঠখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে এখন উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের মনে এখন একটাই প্রশ্ন—কবে ফিরবে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ? কবে বন্ধ হবে শিক্ষকদের এমন অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংঘাত?
একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
