বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সেলিমাবাদ গ্রামে এক জেলের মাছ ধরার জালে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সংঘটিত এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী জেলে কালাম আকন।
ক্ষতিগ্রস্ত কালাম আকন জানান, তিনি হাবিব আকনের ছেলে এবং পেশায় একজন জেলে। সাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত তার মূল্যবান জালগুলোই ছিল পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার জালে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে কয়েকজন মুসল্লি আগুন জ্বলতে দেখতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান, কালাম আকনের মাছ ধরার জালে আগুন লেগেছে। পরে স্থানীয়রা দ্রুত খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি কালাম আকনের পরিবারকে জানান।
অগ্নিকাণ্ডে জালগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কালাম আকন। তিনি বলেন, “এই জাল দিয়েই আমার সংসার চলত। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে পরিবার নিয়ে চলব, তা ভেবে পাচ্ছি না।”
স্থানীয়রা জানান, একজন দরিদ্র জেলের জীবিকার একমাত্র অবলম্বন ধ্বংস করে দেওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
