মেহেন্দিগঞ্জগামী ’’পাতারহাট পরিবহনে’’ ডাকাতি

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী ”পাতারহাট পরিবাহন” মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা প্রথমে জেলে সেজে ট্রলারে ওঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের লোকজনকে মারধর করে নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

জানা যায়, শাহজাহান মাঝির মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদ উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল বলে জানান ব্যবসায়ীরা। তবে ডাকাতরা কোনো মালামাল না নিয়ে শুধু নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নৌপথে ব্যবসায়ী ও ট্রলারচালকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।