বরিশালের মেহেন্দিগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই।
আজ ২১ জুন রবিবার যোহর নামাজের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নং আন্ধারমানিক ইউনিয়নে ঘটে এই হত্যাকাণ্ড। ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় ঘাতক বড় ভাই হারুন সরদার।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, পৈতৃক জমি বন্টনের পর কিছু খাস জমি ছিল যা বড় ভাই হারুন সরদার দীর্ঘদিন ভোগ করতো। একই জমি বাকী দুই ভাইও দাবী করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়েছে। আজ সকালে ছোট ভাই সেই জমিতে বেড়া দিয়েছে। এতে ক্ষুব্দ বড় ভাই হারুন সরদার নামাজ পড়া অবস্থায় মসজিদে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে জখম করে। এসময় তার হাতে, পায়ে ও পেটে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও অবনতি হওয়ায় সেখান থেকে বরিশাল শেবাচিমে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে মারা যায় তিনি।
মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা সবাই যোহরের নামাজ পড়তেছিলাম। তৃতীয় রাকাতে গিয়ে হঠাৎ পেছনে চিৎকার শুনতে পাই। আতঙ্কিত হয়ে নামাজ ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখি, ‘বড় ভাই হারুন সরদার পশু জবাই করার একটি লম্বা ছুরি দিয়ে ছোট পাই নজরুলকে পায়ে,হাতে এবং পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। আমরা বাধা দিতে গেলে সে চারিদকে ছুরি ঘুরাতে থাকে। এসময় মাওলানা কবির নামে একজন আহত হয়েছেন।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।
