নিহত আব্দুল্লাহ
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীর পাড় ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেলতলা এলাকার কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের দুই দিন পর মরদেহের সন্ধান মেলে।
নিহত শিশু মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামের বাসিন্দা আজিজুল গাজীর ছেলে।
কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন জানান, বেলতলা এলাকায় নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুটি গরুকে গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান শিশুটির বাবা আজিজুল গাজী। এ সময় পাঁচ বছর বয়সী আব্দুল্লাহ নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীর পাড় ভেঙে মাটি ধসে পড়লে শিশুটি নদীতে পড়ে তলিয়ে যায়।
ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা আজিজুল গাজীও নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতে ভেসে যায় শিশু আব্দুল্লাহ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও তাৎক্ষণিকভাবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের দুই দিন পর কীর্তনখোলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
