কালবৈশাখী ঝড়ে মেঘনায় নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া জেলে সিপন মালথিয়া (২০)-এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় জেলে মোসলেম মাঝি গণমাধ্যমকে জানান, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ ঘটনায় সিপন মালথিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামে দুই জেলে নিখোঁজ হন। পরে প্রশাসন ও স্থানীয়রা নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েও তাদের সন্ধান পাননি।
নিহত সিপন মালথিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালথিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।