মেহেন্দিগঞ্জে কোচিং চলাকালে টিনশেড ঘরের চাল ভেঙে পড়ল, আহত ২০-২৫ শিক্ষার্থী

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক নিজামের পরিচালিত কোচিং সেন্টারে ক্লাস চলাকালে হঠাৎ টিনশেড ঘরের চাল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে কোচিংয়ে অধ্যয়নরত ২০ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় কোচিংয়ে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক নিজাম একটি টিনশেড ঘরে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কোচিং করিয়ে আসছেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোচিং ক্লাস শুরু হয়। ওই সময় ষষ্ঠ থেকে বিভিন্ন শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা যখন ক্লাসে পাঠ গ্রহণে ব্যস্ত ছিল, ঠিক তখনই হঠাৎ টিনশেড ঘরের চাল ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো কোচিং সেন্টারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। এ সময় চালের ভাঙা অংশ ও অন্যান্য সামগ্রী পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লাবিক, অষ্টম শ্রেণির জাবেদ ও সপ্তম শ্রেণির মুসাসহ প্রায় ২০ থেকে ২৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের প্রশ্ন, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন পড়াশোনা করতে আসে, সেখানে একটি টিনশেড ঘরের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছিল কি না? শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহৃত ঘরটির অবকাঠামোগত অবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহৃত যেকোনো ভবন বা ঘরের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে একসঙ্গে প্রায় ৫০ জন শিক্ষার্থী অবস্থান করলে সেখানে ঘরের ছাদ ও অবকাঠামোর নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, টিনশেড ঘরের চাল ভেঙে পড়ার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।