মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন বেপারী (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন বেপারী একই ইউনিয়নের চর সন্তোষপুর গ্রামের সোবাহান বেপারীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চর সোনাপুর গ্রামে মনির বিশ্বাসের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন আনোয়ার। এ সময় তিনি ভাইব্রেটর মেশিন পরিচালনা করছিলেন। হঠাৎ মেশিনটিতে বিদ্যুৎ সংযোগজনিত ত্রুটি দেখা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সহকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন এবং তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মরদেহ নিজ বাড়ি চর সন্তোষপুর গ্রামে নিয়ে আসা হয়। খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায় বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, এ ঘটনায় তারা কাউকে দায়ী করছেন না।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
