সড়ক দুর্ঘটনায় সবচেয়ে কম বরিশাল বিভাগে, ঢাকায় সর্বোচ্চ

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৫ মাস আগে

দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত ও এক হাজার ১৯৭ জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তবে দেশের অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল বিভাগে সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম হওয়ায় কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসে বরিশাল বিভাগে ২২টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনার দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। সেখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে সড়কপথে ৪৪৮টি দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও এক হাজার ১৮১ জন আহত হন। এছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত এবং নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন।
বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৩ দশমিক ৭০ শতাংশ। এছাড়া মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে।
বিশেষজ্ঞদের মতে, বরিশাল বিভাগে তুলনামূলক কম দুর্ঘটনা হওয়ায় সড়ক ব্যবস্থাপনা ও সচেতনতার বিষয়টি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা যেতে পারে।