মেহেন্দিগঞ্জে রাতের আঁধারে হোন্ডা ড্রাইভারের কালো প্লাটিনা মোটরসাইকেল চুরি

লেখক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে রাতের আঁধারে মোফাজ্জল নামে এক হোন্ডা ড্রাইভারের কালো রঙের ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার ৩ নং চর এককরিয়া ইউনিয়নের ইয়ারবাগ এলাকার ইসাকের দোকানের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হোন্ডা ড্রাইভার মোফাজ্জল তার কালো রঙের প্লাটিনা মোটরসাইকেলটি ইসাকের দোকানের সামনে রেখে বাড়িতে চলে যান। পরদিন শুক্রবার (৭ আগস্ট) সকালে এসে তিনি দেখতে পান, সেখানে তার মোটরসাইকেলটি নেই।

মোফাজ্জল জানান, রাতে ওই স্থানে মোট চারটি মোটরসাইকেল রাখা ছিল। তবে চোরেরা অন্য তিনটি মোটরসাইকেল রেখে শুধুমাত্র তার মোটরসাইকেলটি নিয়ে যায়।

চুরি হওয়া কালো রঙের ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।

মোটরসাইকেলটি চুরি যাওয়ায় বিপাকে পড়েছেন হোন্ডা ড্রাইভার মোফাজ্জল। তিনি চুরি হওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।