বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চানপুর ইউনিয়নের কৃতি সন্তান নারগিস সুলতানা বৃষ্টি ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তিনি চানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোস্তফা কামাল হাওলাদারের কন্যা।
জানা গেছে, নারগিস সুলতানা বৃষ্টি শিক্ষাজীবনের শুরু করেন খন্তাখালী নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বৃত্তিও অর্জন করেন। পরে তিনি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
উচ্চশিক্ষার জন্য ঢাকায় গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেন। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবে তিনি এবার ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তার এই সাফল্যে চানপুর ইউনিয়নসহ পুরো মেহেন্দিগঞ্জে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মেহেন্দিগঞ্জ প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও নারগিস সুলতানা বৃষ্টিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এই অর্জন আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা ও সরকারি সেবায় আত্মনিয়োগে অনুপ্রাণিত করবে।
