মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে গভীর রাতে বসতঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার, রুপার অলংকার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বিদেশি টর্চ লাইট চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৭২ হাজার টাকা। এ ঘটনায় কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. ইউসুফ হাওলাদার (৬৫)।
জিডি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে কাজিরহাট থানাধীন ভাটিয়াকান্দা এলাকার ওই বসতঘরে চুরির ঘটনা ঘটে।
জিডির বাদী মো. ইউসুফ হাওলাদার জানান, ঘটনার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে ঘরের সামনের ও পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরে রাখা মূল্যবান স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
জিডিতে উল্লেখ করা চুরি হওয়া মালামালের বিবরণ অনুযায়ী, ৪ ভরি ওজনের স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, ৫ ভরি ওজনের রুপার অলংকারের মূল্য ২৫ হাজার টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মূল্য ৪৫ হাজার টাকা এবং একটি বিদেশি টর্চ লাইটের মূল্য ২ হাজার টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৭২ হাজার টাকা।
বাদীর ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রাতের কোনো এক সময় ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
