মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর-নোয়াখালী-আলিগঞ্জ লিংক সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৫ থেকে ৭ হাজার মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৫-১৬ বছর ধরে সড়কটি অবহেলিত। বিশেষ করে গত ২-৩ বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিংয়ের ধীরগতিতে কাজ চলায় ভোগান্তি আরও বেড়েছে। এ সড়কের ওপর নির্ভরশীল দুটি সিনিয়র মাদ্রাসা, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও ৭-৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসুস্থ রোগী ও কৃষকরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটির কারণে শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের কাছে আবেদন জানান এলাকাবাসী।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটি দ্রুত সম্পন্ন করতে মন্ত্রণালয়ে নতুন চাহিদা পাঠানো হয়েছে। ইতোমধ্যে অডিট টিম সরেজমিনে পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এর আগে দুই দফায় বালু দিয়ে সড়ক ভরাট করা হলেও মেঘনার উত্তাল ঢেউয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন চাহিদা অনুমোদন হলে চলতি বছরেই দ্রুতগতিতে কাজ সম্পন্ন করা হবে।
দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটির সংস্কারকাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
