নদীবেষ্টিত বরিশাল জেলা-এর মেহেন্দীগঞ্জ উপজেলা সাম্প্রতিক সময়ে জাটকা নিধনের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান জোরদার করায় এক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কিছু জেলে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, জাটকা নিধনে জড়িত অসাধু জেলেদের একটি অংশ এ কর্মসূচির পেছনে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ এপ্রিল জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মোহাম্মদ জাহিদ হাসান। অভিযানে প্রায় ৪০০ কেজি জাটকা, দুটি ট্রলার জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. রিয়াজুর রহমান, যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। আদালতের নির্দেশে জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।
তবে এই অভিযানের পরপরই সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলে ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, “জাটকা রক্ষায় যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশ ও জাতির স্বার্থের পরিপন্থী। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
একইভাবে ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন জানান, “জাহিদ হাসান নিয়মিতভাবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন। তার এই কার্যক্রমে বাধা দিতেই একটি মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে সরিয়ে দিলে জাটকা রক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।”
স্থানীয়দের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
