জেনারেল র্যান্ডি জর্জ/ছবি: সংগৃহীত (এপি)
মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান পুনর্গঠনের অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দ্রুতগতিতে বিভাগে পরিবর্তন আনছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশল বাস্তবায়নের লক্ষ্যেই তিনি জেনারেল ও অ্যাডমিরালদের মধ্যে রদবদল করছেন।
তবে জেনারেল জর্জকে সরানোর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। পেন্টাগন বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করলেও তার দায়িত্বকাল শেষ হতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি ছিল।
