মেহেন্দিগন্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের এসাম উদ্দিনচর বাদুরতলা এলাকায় আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সেলিম খাঁ নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।
পরিবার সূত্রে জানা গেছে, আলাউদ্দিন খাঁর মেয়ে সুমাইয়া মাঝেমধ্যে এলাকার সেলিম খাঁর মুদি দোকান থেকে চকলেট, বিস্কুট ও রুটি কিনতে যেত। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে দোকানে গেলে সেলিম খাঁ শিশুটির বুকে হাত দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে প্রথমে তার মাকে এবং পরে বাবাকে বিষয়টি জানায়। মেয়ের কাছ থেকে ঘটনা শোনার পর তার বাবা আলাউদ্দিন খাঁ অভিযুক্তের কাছে গিয়ে বিষয়টি জানতে চান। পরে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে অভিযুক্তের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে টাকা নেওয়ার পরও বিষয়টির কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছে শিশুটির পরিবার।
এ ঘটনায় শিশুটির বাবা আলাউদ্দিন খাঁ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত সেলিম খাঁ এবং টাকা নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। শিশুটির পরিবারের দাবি, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
