মেহেন্দিগঞ্জে দুই ইউনিয়নের সংযোগ সড়কে ভাঙন, মোটরসাইকেল চলাচলও দুষ্কর

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আলিমাবাদ ও ৮নং চরগোপালপুর ইউনিয়নের সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। কাজিরহাটের অপর পাশে আকু পণ্ডিতের ঘরের কাছে খালের পাড়ঘেঁষা সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন ও বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। খালের তীব্র স্রোতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সড়ক দিয়ে প্রতিদিন চরগোপালপুর ইউনিয়নের অসংখ্য মানুষ কাজিরহাট হয়ে বিভিন্ন প্রয়োজনে ভোলায় যাতায়াত করেন। চিকিৎসা, পড়াশোনা ও দৈনন্দিন কাজের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন চালক ও যাত্রীরা। অনেক ক্ষেত্রে মোটরসাইকেল থেকে নেমে হেঁটে ঝুঁকিপূর্ণ অংশ পার হতে হচ্ছে তাঁদের।

এদিকে দুই ইউনিয়নের সংযোগস্থলে থাকা সাঁকোটির অবস্থাও নাজুক বলে জানিয়েছেন স্থানীয়রা। সড়ক ও সাঁকোর এমন পরিস্থিতিতে শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আকু পণ্ডিত বলেন, “এখান দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। সড়কটির এমন অবস্থা হওয়ায় আমাদের খুব কষ্ট হচ্ছে। হোন্ডা ঠিকমতো চলাচল করতে পারে না। অনেক যাত্রীকে বাধ্য হয়ে নেমে হেঁটে যেতে হয়। বিশেষ করে বয়স্ক মানুষ এই রাস্তা দিয়ে চলাচলের সময় কখন খালের মধ্যে পড়ে যান, সেই আশঙ্কা থাকে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সড়কটি সংস্কার ও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।