অনলাইনে কলম প্যাকেজিংয়ের কাজ করে প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের কাছ থেকে ধাপে ধাপে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে। এমন প্রতারণার শিকার হয়েছেন ১০নং আলিমাবাদ ইউনিয়নের এক নবম শ্রেণির শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি।
জানা গেছে, ১০নং আলিমাবাদ ইউনিয়নের ছদ্মনাম ‘রাকিব আহমেদ’ (১৫) নবম শ্রেণির ছাত্র। অনলাইনে কিছু করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত হন। এর মধ্যে ‘বাংলাদেশ অনলাইন জব’ নামে একটি পেজ/গ্রুপে লাইক দেওয়ার পর সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
তাকে কলম প্যাকেজিংয়ের কাজ দেওয়ার কথা বলে প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা জানানো হয়। কাজটি পেতে প্রথমে ফরম পূরণের জন্য ৩৫০ টাকা দিতে বলা হয়। রাকিব ওই টাকা পাঠানোর পর তাকে কলম ডেলিভারি দেওয়ার কথা বলে আরও ২ হাজার টাকা নেওয়া হয়।
এরপর আবারও খরচের টাকা দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২ হাজার ৪০ টাকা পাঠাতে বলা হয়। রাকিব ওই টাকাও পাঠান। টাকা পাঠানোর পরই সংশ্লিষ্ট ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যায়। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
রাকিবের কাছে ওই ব্যক্তি নিজেকে ‘সিরাজুল ইসলাম’ নামে পরিচয় দেন। তার পক্ষ থেকে একটি পরিচয়পত্র ও ছবিও পাঠানো হয়। কিন্তু টাকা নেওয়ার পর কাজ বা কলমের প্যাকেজ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় রাকিব প্রতারণার শিকার হয়েছেন।
শুধু রাকিব নয়, একই পদ্ধতিতে আরেক তরুণীর কাছ থেকেও ফরম পূরণের কথা বলে ৩৫০ টাকা নেওয়া হয়েছে। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই কৌশলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে।
প্রতারণার শিকার অনেকেই অল্প পরিমাণ টাকা হওয়ায় থানায় অভিযোগ করেন না। আবার সামাজিক সম্মানের বিষয় বিবেচনা করেও অনেকে বিষয়টি প্রকাশ্যে আনতে চান না। ফলে একই কৌশলে নতুন নতুন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অনলাইনে চাকরি ও ঘরে বসে আয়ের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া এসব চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অনলাইনে কোনো চাকরির জন্য টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কাজের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
