মেহেন্দিগঞ্জে কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ, দুর্বৃত্তদের হামলার দাবি।।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বোরকা পরিহিত একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির ব্যাপারী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে অটোরিকশাযোগে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন কবির ব্যাপারী। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছালে কয়েকজন বোরকা পরা ব্যক্তি অটোরিকশার পথ আটকে দেন।

পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কবির ব্যাপারীকে আঘাত করে গুরুতর আহত করে। তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়ার পর গলা কেটে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ।

পরে মরদেহটি পাশের একটি ডোবায় ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।

কিছুক্ষণ পর পথচারীরা ডোবায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় স্বজন ও পুলিশকে খবর দেন।

কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার এবং নিহতের এক মামার দাবি, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলার পর ঘটনাস্থলে একটি বোরকা পড়ে থাকতে দেখা গেছে বলেও জানান তাঁরা।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।