পাতারহাট সরকারি রসিকচন্দ্র মহাবিদ্যালয় এর প্রভাষকদের সাথে মতবিনিময় করেন একই কলেজের ১৯৯৩-৯৪ ইং শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র বর্তমান প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ রাজিব আহসান। আজ ৮ আগস্ট রোজ শনিবার সকাল ১১.৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষ রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে কলেজের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন কলেজের শিক্ষকবৃন্দ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির বলেন, এই কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ আজ দেশের এমপি, মন্ত্রী, সচিব, ব্যবসায়ী ও চাকরিজীবী সহ বিভিন্ন উচ্চ পদমর্যাদায় আসীন রয়েছেন। অথচ শুধুমাত্র সুদৃষ্টির অভাবেই কলেজটি আজ প্রাণহীন! ছাত্র ও শিক্ষকদের মানসম্মত আবাসন ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের ব্যবহৃত কমন রুম, লাইব্রেরি, খেলাধুলার পর্যাপ্ত সামগ্রী না থাকায় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নিয়মিত কলেজেও আসেন না! ফলশ্রুতিতে বেশিরভাগ সময় প্রাণহীন অবস্থায় পড়ে থাকে কলেজ ক্যাম্পাস।
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সময়ে কলেজের অচলাবস্থার বিষয়টি নজরে আসে স্থানীয় জনপ্রতিনিধি রাজিব আহসানের। চলমান অচলাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষকদের সামগ্রিক বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষ রুমে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি আরসি কলেজের প্রায় ৪৪ জন প্রভাষক মন্ডলী।
উল্লেখ্য যে, ১৯৬৬ ইং সালে প্রতিষ্ঠিত এই কলেজের এক সময়ের মেধাবী ছাত্র ছিলেন স্থানীয় সাংসদ প্রতিমন্ত্রী রাজিব আহসান।
