আদর্শ নগরের আদর্শ হারাচ্ছে অনলাইন জুয়া ও নেশায়।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শ নগর ইউনিয়নের কাজিরহাট থানাধীন বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিপুল সংখ্যক যুবক ও উঠতি বয়সী স্কুল-কলেজ শিক্ষার্থী অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা ইউনিয়নের সামাজিক পরিবেশকে দিন দিন নষ্ট করছে।

ইয়াবা সেবনে ৪ নং ওয়ার্ড এর মটর সাইকেল ড্রাইভার মহিউদ্দিন

স্থানীয়দের দাবি, ইউনিয়নে প্রতিদিন বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা সেবন করা হচ্ছে। বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাজিরাবাদ এলাকার নির্জন স্থান এবং ৬ নম্বর ওয়ার্ডের ঘোড়াঘাট এলাকায় নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সামনেই রাস্তার পাশে কিংবা ঝোপের আড়ালে ইয়াবা সেবনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া অনলাইন জুয়ার বিস্তারও আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকাশের দোকানগুলোতে প্রতিনিয়ত ১০০, ২০০ কিংবা ৫০০ টাকা ক্যাশ-ইন করে অনেক তরুণ অনলাইন জুয়ায় অংশ নিচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক অবক্ষয়ও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ৬ নম্বর ওয়ার্ডের ইউসুফ, মো. হালান এবং ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউনুছকে ঘিরে ইয়াবা সেবনের অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ইয়াবা সেবনের দাবিতে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগপত্র, মামলা বা দোষী সাব্যস্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী কয়েকবার অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য আসেনি। ফলে দিন দিন পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর অভিযান, নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম আরও বড় সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।