বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়া মধের চর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কাদা ও ভাঙন। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়, ফলে চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছে না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময়মতো বাজারে পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এছাড়া প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
