বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের দিঘীর পাড় খেয়াঘাট এলাকায় ছোট্ট একটি দোকান নিয়ে সবার নজর কেড়েছেন মিন্টু। তার দোকানের একমাত্র পণ্য সিঙ্গারা, আর এই সিঙ্গারার স্বাদেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত ক্রেতা।
স্থানীয়দের ভাষ্য, মিন্টুর দোকানে প্রতিদিন প্রায় ১,৫০০ পিস সিঙ্গারা বিক্রি হয়। প্রতি পিস সিঙ্গারার দাম ১০ টাকা হওয়ায় দৈনিক বিক্রি দাঁড়ায় প্রায় ১৫ হাজার টাকায়। সকাল থেকেই শুরু হয় বিক্রি, যা চলে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। অনেক সময় রাত হওয়ার আগেই সব সিঙ্গারা বিক্রি শেষ হয়ে যায়। ফলে রাত ৮টার পরে এসে আর সিঙ্গারা পাওয়া যায় না।
ক্রেতাদের মতে, মিন্টুর সিঙ্গারার বিশেষত্ব হলো এর সুস্বাদু আলুর পুর এবং বোম্বাই মরিচের অনন্য সংমিশ্রণ। এই স্বাদই তাকে এলাকায় আলাদা পরিচিতি এনে দিয়েছে।
দোকানটি একাই পরিচালনা করেন মিন্টু। দীর্ঘদিনের পরিশ্রম ও মানসম্মত খাবার পরিবেশনের কারণে তার সিঙ্গারার সুনাম ছড়িয়ে পড়েছে পুরো কাজিরহাট অঞ্চলজুড়ে। শুধু স্থানীয় মানুষই নয়, মির্জাগঞ্জ, মিদ্দারহাটসহ দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকেও অনেকেই তার দোকানে এসে সিঙ্গারা খেয়ে যান।
স্থানীয়দের দাবি, ছোট্ট একটি দোকান হলেও মিন্টুর সিঙ্গারা এখন এলাকার একটি পরিচিত নাম। স্বাদ, মান এবং ধারাবাহিকতার কারণে দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা।
