মেহেন্দিগঞ্জে বজ্রপাতে দুই স্কুলে শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত, উপজেলা জুড়ে আতঙ্ক

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ বজ্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। এ সময় দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ প্রায় ১৪ থেকে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারান।
আহতদের মধ্যে রয়েছেন— সপ্তম শ্রেণির জান্নাত বেগম ও রাফা, অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তারসহ আরও অনেকে। গুরুতর আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে কিছুটা সুস্থ হলে আমেনা ও রাফাকে বাড়িতে পাঠানো হয়।
একই সময়ে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন বলে জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা।
এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন জানান, ঘটনার পর থেকেই আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।