PMHSAA-এর প্রথম কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা
তিন সহোদর ভ্রাতা মৌলভী চেরাগ আলী খন্দকার, মৌলভী করম আলী খন্দকার এবং মৌলভী আব্দুল জব্বার খন্দকারের দূরদর্শী উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা মেহেন্দিগঞ্জের গৌরব ও ঐতিহ্যের প্রতীক সরকারি পাতারহাট মুসলিম মডেল হাই স্কুল ইতোমধ্যে শতবর্ষের গৌরবময় মাইলফলক অতিক্রম করেছে। তাঁদের হাত ধরেই তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘পাতারহাট ইংলিশ হাই স্কুল’ নামে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে মেহেন্দিগঞ্জের আর্থসামাজিক, রাজনৈতিক ও মানবিক উন্নয়নে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
১৯২৪ সালের ১৬ জানুয়ারি পথচলা শুরু করা বিদ্যালয়টি ইতোমধ্যে শতবর্ষ অতিক্রম করেছে। শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রচলিত ধারার বাইরে গিয়ে নানা উদ্ভাবনী উদ্যোগ ও আয়োজন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে গড়ে উঠেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন PMHSAA।
PMHSAA-এর প্রথম কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন তফসিল ও নীতিমালা ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে। এর আগে আগামী ২৬ জুন খসড়া ভোটার তালিকা এবং ৩০ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ জুলাই মনোনয়ন ফরম প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৭ জুলাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই এবং ১১ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
শতভাগ ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা পরিষদ।
নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। এতে বিভিন্ন ব্যাচ ও প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা পরিষদ আশা প্রকাশ করেছে, সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ততার মাধ্যমে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রতিনিধিত্বশীল PMHSAA গড়ে উঠবে। সংগঠনটি ভবিষ্যতে বিদ্যালয়, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সমাজের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
