জ্বালানি সংকট মোকাবিলায় সরকার যখন সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে নানা পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক সেই সময় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র।
সম্প্রতি মেহেন্দিগঞ্জ বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলায় প্রায় ১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও তারা সরবরাহ করতে পারছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে পুরো উপজেলাজুড়ে তীব্র লোডশেডিং চলছে, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
এমন পরিস্থিতির মধ্যেই উপজেলার পূর্ব বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ একটি শ্রেণিকক্ষে একাধিক সিলিং ফ্যান ঘুরতে দেখা গেছে। বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও এভাবে বিদ্যুতের অপচয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়রা বলছেন, যেখানে বিদ্যুতের অভাবে মানুষ নিত্যদিন ভোগান্তিতে পড়ছে, সেখানে সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকেই ঘটনাটিকে “গরীবের ঘোড়া রোগ” বলে মন্তব্য করেছেন।
সচেতন মহল মনে করছে, এটি মেহেন্দিগঞ্জের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের তদারকির অভাব ও অব্যবস্থাপনারই প্রতিফলন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে।
