বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের কৃতি সন্তান। স্থানীয়ভাবে তিনি একজন মেধাবী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত। তার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কেটেছে শ্রীপুর ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে—তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ড. মামুন অর রশিদের এ নিয়োগে মেহেন্দিগঞ্জসহ পুরো বরিশাল অঞ্চলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহল আশা করছেন, তার নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে।
