পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হলো প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬

লেখক: সাইফুল ইসলাম।
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি: মেহেন্দিগঞ্জ প্রতিদিন।

মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ জোনে শুরু হয়েছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’ টুর্নামেন্ট ২০২৬। মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ১০টায় আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জোনের এ টুর্নামেন্টে মোট ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, আলিমাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়, এ. রব চরবগী দাখিল মাদ্রাসা, আসমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং হরি নারায়ণ নাথ মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিটি দলে অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ১৬ জন করে খেলোয়াড় অংশ নিচ্ছেন। ছয়টি দলের হয়ে সর্বমোট ৯৬ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদ আফ্রিদি  নোমান, ইউনিয়ন যুবদলের সাবেক, সভাপতি মাইনুদ্দিন মৃধা, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং সহকারী শিক্ষকবৃন্দ। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সুমন আব্দুল মন্নান। এছাড়াও আসমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক টিপুসহ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দেশব্যাপী প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’ জাতীয় স্কুল ও কলেজ ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটি উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায় পেরিয়ে জাতীয় ধাপে অনুষ্ঠিত হবে।