শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার জমজমাট ফাইনাল, টানা তিন দিনেও মেলেনি বিজয়ী

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের আনন্দবাজার মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলার ফাইনাল ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গত ৩ জুলাই থেকে প্রতিদিন বিকেল ৫টায় শুরু হওয়া এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে আনন্দবাজার একাদশ (৮ নম্বর ওয়ার্ড) ও মহিষমারী একাদশ (৬ নম্বর ওয়ার্ড)।

প্রতিটি দলে ১৩ জন করে মোট ২৬ জন খেলোয়াড় অংশ নেন। টানা তিন দিন ধরে শ্বাসরুদ্ধকর লড়াই চললেও কোনো দলই প্রতিপক্ষকে হারাতে পারেনি। ফলে ম্যাচটি ড্র অবস্থায় রয়েছে। আয়োজকরা জানান, চূড়ান্ত ফল নির্ধারণের জন্য আগামীকাল আবারও খেলা অনুষ্ঠিত হবে।

খেলার আয়োজনে ছিলেন আর এম শাহিন। সার্বিক সহযোগিতায় ছিলেন মোতাহার জোমাদ্দার, মাইদুল জোমাদ্দার, রহিম জোমাদ্দার, নাসির হাওলাদার, আনিছুর, ছালেম হাওলাদার, আবুল সিকদার, জাহাঙ্গীর জোমাদ্দার, হাশেম মোল্লা ও কবির খান।

ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন রেফারি ফারুক গরামী ও নাসির হাওলাদার।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা উপভোগ করতে প্রতিদিনই মাঠে ভিড় করছেন বিভিন্ন এলাকার শত শত দর্শক। স্থানীয়দের আশা, আগামীকালের খেলায় নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন দল।