বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কাচিয়া খান বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত রব বয়াতির ছেলে মো. সোহেল বয়াতি (৪০), যিনি স্থানীয়ভাবে “জুই হিজরা” নামে পরিচিত, হেলানি বেগম (৬০) নামের এক শারীরিক প্রতিবন্ধী ও অসহায় বৃদ্ধাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার কপালে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সোহেল বয়াতি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত হেলানি বেগমকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
