বরিশালের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভংগা গ্রামে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মো. তোফাজ্জেল হোসেন হাওলাদারের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। একের পর এক চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন হাওলাদার জানান, চোরেরা গভীর রাতে ঘরের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। শব্দ টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলেও এর আগেই চোরেরা পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ নিয়মিত মহাসড়ক বা প্রধান সড়কে টহল দিলেও গ্রামের ভেতরের সড়কগুলোতে কার্যত কোনো টহল থাকে না। এই সুযোগেই সংঘবদ্ধ চোরচক্র বারবার চুরির ঘটনা ঘটাচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাতে এখন ঘুমাতেই ভয় লাগে। গ্রামের ভেতরে কোনো পুলিশি টহল নেই। শুধু প্রধান সড়কে টহল দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
ভুক্তভোগী পরিবার কাজিরহাট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে এলাকাবাসী গ্রামের অভ্যন্তরে নিয়মিত পুলিশি টহল, চুরি হওয়া মালামাল উদ্ধারে দ্রুত অভিযান এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়া রাতের নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশ বা স্থানীয় স্বেচ্ছাসেবক টহল দল গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর দাবি, প্রায় এক মাস আগে লতা ইউনিয়নে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় কাজিরহাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা না গেলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।
(প্রতিবেদনটি ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। পুলিশের বক্তব্য পাওয়াগেলে তা সংযুক্ত করা হবে।)
